রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণের লক্ষ্যে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠানগুলো এই শুনানিতে এলপিজির বর্তমান কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে। আমদানিকারকদের পক্ষ থেকে কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকদের পক্ষ থেকে তিন গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে সর্বশেষ ৪ অক্টোবর বিইআরসি এলপিজির দাম সমন্বয় করেছিল। ওই সময়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। তখন প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৩ টাকা ৬ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল।
পূর্বের সেই সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের সিলিন্ডার ৮৪২ টাকা, ১২ কেজি ১ হাজার ৮৩৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকায় স্থির করা হয়েছিল। এছাড়া ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকায় বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল।
বড় সিলিন্ডারের ক্ষেত্রে ২২ কেজির মূল্য ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছিল কমিশন। আজকের শুনানিতে এই মূল্য কাঠামো এবং ব্যবসায়ী কমিশন নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 























