মাগুরার শ্রীপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বুধবার দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর শাখার ফিল্ড সুপারভাইজার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, খামারপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার ফিল্ড সুপারভাইজার মহিউদ্দীন আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার মডেল কেয়ারটেকার আবদুল খালেক ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতার জেলা পর্যায়ের পর্বটি আগামীকাল মাগুরা মডেল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















