বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর গত ২৩ আগস্ট কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
অন্যান্য মামলার আসামিদের হাজিরা
এদিকে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আরও একটি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর ও আদাবরে ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও একই ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই হত্যাকাণ্ডের এসব মামলার তদন্তের অংশ হিসেবেই তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























