আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক বাস্তবতা এবং জনগণের স্বার্থ বিবেচনা করে আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করব। ইসলাম ও দেশের বৃহত্তর কল্যাণ এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই আমাদের সকল কর্মসূচি ও সিদ্ধান্ত নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য। তাই এই দাবিকে সফল করতে আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। একই সঙ্গে আমরা সচেতন থাকব, আমাদের কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা রাজনৈতিক পদক্ষেপ যেন এই চলমান আন্দোলনকে দুর্বল না করে বা জনগণের ঐক্যে কোনো বিভেদ সৃষ্টি না করে।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫–২০২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
স্থানীয় সরকারের সকল স্তরে যোগ্য প্রার্থী নির্ধারণের আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যোগ্য, সৎ, দক্ষ ও জনস্বার্থে নিবেদিত প্রার্থী নির্বাচন করে প্রতিটি পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।
অধিবেশনে বক্তব্য রাখেন অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর ও মাওলানা কোরবান আলী কাসেমী প্রমুখ।
সভায় নয় দফা প্রস্তাব গৃহীত হয়। এতে বলা হয়, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কুরআন-সুন্নাহবিরোধী সব আইন ও নীতিমালাকে অকার্যকর ঘোষণার সাংবিধানিক বিধান অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান সংবলিত আইন প্রণয়ন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে চলমান আন্দোলন আরও জোরদারের আহ্বান জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 


















