আকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় সংসদে এমপিদের আবাসিক ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে দেওয়া বক্তব্যের জেরে এবার নিজের তরফ থেকে পর্দা ও মাইক্রোওভেন উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান এই দাবি তোলেন। তিনি বলেন, সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে এখনো দরজা জানালায় পর্দা লাগানো হয়নি। পাশাপাশি ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করে তা বাস্তবায়নের দাবি জানান।
এই বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এ ধরনের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ায় সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ।
পার্থ আরও বলেন, যেখানে গাড়ি ও প্লট নেওয়া হবে না বলে আলোচনা হয়েছে, সেখানে মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিন নিয়ে সংসদে কথা বলা প্রশ্নের জন্ম দেয়। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি নিজেই মাইক্রোওভেন দিতে প্রস্তুত এবং অন্য সুবিধাগুলোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পার্থর বক্তব্য পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। তবে তিনি উল্লেখ করেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয় আসতে পারে এবং মিজানুর রহমান কোনো গর্হিত অপরাধ করেননি। তিনি নিজের জন্য নয়, সব সংসদ সদস্যের সুবিধার কথা বলেছেন বলেও মন্তব্য করেন স্পিকার।
তবে স্পিকার পরামর্শ দেন, এ ধরনের ব্যক্তিগত বা আবাসনসংক্রান্ত বিষয় হাউজ কমিটির মাধ্যমে উত্থাপন করাই বেশি উপযুক্ত। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা কমে।
পরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এ ধরনের বিষয়ে সংসদে বক্তব্য দেওয়ার সময় পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। তিনি ইঙ্গিত করে বলেন, কাউকে বিব্রত না করে সংযত থাকা উচিত এবং ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
আকাশ নিউজ ডেস্ক 



















