আকাশ জাতীয় ডেস্ক:
গ্রাহকের অজান্তে তার নামে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর গুলশান থানার ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, ২০১৭ সালে একটি বেসরকারি ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত থাকাকালে এক গ্রাহকের নামে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন সারোয়ার। পরে ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে ওটিপি গ্রহণের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন করেন।
তদন্তে জানা গেছে, ২০১৭ সালের শেষ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ওই কার্ড ব্যবহার করে ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকার লেনদেন করা হয়। এর মধ্যে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও লভ্যাংশসহ ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী গ্রাহক সম্প্রতি সিআইবি প্রতিবেদনের মাধ্যমে নিজের নামে ঋণের তথ্য জানতে পেরে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন। পরে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি উদ্ঘাটিত হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তার বিরুদ্ধে আরও অনুরূপ প্রতারণার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 


















