আকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকায় ধনু নদী থেকে মো. আরিফ মিয়া (১২) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় কিশোরটির গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা ছিল।
নিহত কিশোর আরিফ মিয়া নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১১ মে রাত ১টার দিকে আরিফ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।
শনিবার দুপুরে পাশ্ববর্তী ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান জানান, শনিবার ইটনার ধনপুর কালিবাড়ি চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















