আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়।’
ইরানকে নিষ্ক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কথা ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, তিনি সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।
তবে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। রুবিও বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, খুব শীঘ্রই আমরা তা অর্জন করতে চলেছি।
ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ইরান শুধু মিত্রই নয়, কৌশলগত অংশীদার– বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী-
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের মূলে রয়েছে আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার ও মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার আকাঙ্ক্ষা। গত বৃহস্পতিবার প্রকাশিত ফ্রান্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘ইরানকে রক্ষা করার চেয়েও আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা। ইরান শুধু আমাদের মিত্রই নয়, বরং কৌশলগত অংশীদার।’ ল্যাভরভ বলেন, গত ২০ বছরে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় প্রতিটি মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষেত্রেও এখন একই ঘটনা ঘটছে।
তিনি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক কপটতার জন্যও অভিযুক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন– ওয়াশিংটন পরপর দ্বিতীয়বারের মতো তেহরানের সঙ্গে ‘আলোচনার চূড়ান্ত পর্যায়ে’ হামলা চালিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন কর্মকর্তারা ‘ঔদ্ধত্য ও গর্বের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাকে ঠান্ডা মাথায় হত্যার দম্ভ প্রকাশ করেন, তখন এটিকে ধূর্ত আচরণ ছাড়া আর কিছুই ভাবা যায় না।’
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়তে বলল ইরানের বিপ্লবী গার্ড-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’। এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ‘আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি– যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায়ও থামেনি তেলের দামের ঊর্ধ্বগতি-
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা পেছানোর ঘোষণা দিলেও এর ইতিবাচক প্রভাব পড়েনি আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সাম্প্রতিক অতীতে এ ধরনের ঘোষণায় জ্বালানি দামে পতন দেখা গেলেও এখন আর এমনটা হচ্ছে না। গতকাল শুক্রবার সিএনবিসি অনলাইন জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ২ দশমিক ৮২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম ১১১ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে।
এর আগে যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দেন ট্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে’ দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা চলছে।
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সৌদি আরবে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সৌদির পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়েছে।
যুদ্ধে সেনা সংকট, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের-
ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলের বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ‘ভেঙে’ পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে।’ তিনি সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, সাবেক সেনাদের দায়িত্বে ফেরানো-সংক্রান্ত আইন ও সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো-সংক্রান্ত আইনের প্রয়োজন বলেও বর্ণনা করেন।
ইউক্রেনের জন্য রাখা অস্ত্র মধ্যপ্রাচ্যে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র-
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র অন্যত্র (মধ্যপ্রাচ্য) ব্যবহার করা হতে পারে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সমস্যা দেখা দিতে পারে। ওয়াশিংটন এমন পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও দেশটির মিত্রদের লড়াই চালিয়ে যেতে এবং জয় পেতে যা যা দরকার, তা নিশ্চিত করবে পেন্টাগন।
ইসরায়েলের সামরিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি ইরানের-
ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ ও যুদ্ধবিমানের জ্বালানির ট্যাঙ্কে হামলা চালিয়েছে ইরান। আলজাজিরা জানায়, গত বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ ও ইসরায়েলের হাইফা বন্দরে তেলের ট্যাঙ্কে হামলা হয়।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গতকাল এক দিনে ২৬১ জন আহত হয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত পাঁচ হাজার ৪৯২ জন আহত হয়েছেন; ১১৬ জন চিকিৎসাধীন।
মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ-
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি জাহাজ গতকাল শুক্রবার ফিরিয়ে দিয়েছে ইরান। এর মধ্যে দুটি জাহাজ চীনা কোম্পানির মালিকানাধীন। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে এদিন নতুন এক ঘোষণাও দিয়েছে আইআরজিসি। তাদের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়, জায়নবাদী-মার্কিন শত্রুদের মিত্র ও সমর্থকদের মালিকানাধীন যে কোনো বন্দর থেকে আসা বা সেই বন্দরগামী যে কোনো জাহাজের চলাচল– তা যে কোনো গন্তব্যেই হোক না কেন, পুরোপুরি নিষিদ্ধ।
এ পদক্ষেপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচলের সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। এনার্জি মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের ডেটা অ্যানালিস্ট রেবেকা গার্ডেস এক বিবৃতিতে বলেছেন, এই নতুন পরিস্থিতি নির্দেশ করছে– অস্থিরতা এখনও কাটেনি।
গতকাল চীনের কোম্পানি কস্কোর দুটি কনটেইনার জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে কেপলার। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জাহাজ দুটি পারস্য উপসাগরে আটকা পড়ে ছিল। তৃতীয় জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা জানা যায়নি। শীর্ষস্থানীয় শিপিং জার্নাল লয়েডস লিস্টের তথ্য অনুসারে, সম্প্রতি ইরান ২৬টি জাহাজকে এ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে। এসব জাহাজ ইরান উপকূলের ঠিক কাছে অবস্থিত লারাক দ্বীপের পাশ দিয়ে একটি বিশেষ রুট ব্যবহার করে। লয়েডস লিস্ট এ রুটকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে অভিহিত করেছে। অনুমতি পাওয়া জাহাজগুলোর বেশির ভাগই চীন, গ্রিস, ভারত, পাকিস্তান ও সিরিয়ার মালিকানাধীন।
ইরানের কোম শহরে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮-
ইরানের কোম শহরে গত বৃহস্পতিবার রাতের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়েছে। ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকায় হামলাটি হয়।
হামলা আরও জোরদার করা হবে– হুমকি ইসরায়েলের-
ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি। টাইমস অব ইসরায়েল জানায়, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সামরিক কর্মকর্তাদের বলেছেন, ইরানে এমন লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে, যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা আরও জোরদার করতে পারে বলে আভাস পাওয়া গেছে। যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে ২৩ মার্চ উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি ‘বি১’ বোমারু বিমান। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
প্রাথমিক বিদ্যালয়ে হামলাটি ছিল পরিকল্পিত– বললেন আরাঘচি-
ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ১৭৫ জন নিহত হওয়ার ঘটনাটি যুক্তরাষ্ট্রের একটি ‘পরিকল্পিত’ হামলা ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া এক ভিডিও ভাষণে আরাঘচি দক্ষিণ মিনাবের শাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ‘ঠান্ডা মাথায় হত্যা’ করার এ হামলার জন্য মার্কিন বাহিনীর তীব্র সমালোচনা করেন। গত ২৮ ফেব্রুয়ারি ওই হামলার মাধ্যমে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে।
আরাঘচি বলেন, এই হামলা একটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ, যার জন্য সবার পক্ষ থেকে দ্ব্যর্থহীন নিন্দা ও অপরাধীদের সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করা হচ্ছে। তিনি বলেন, এই নৃশংসতাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, গোপন করা যায় না এবং এর প্রতি নীরবতা ও উদাসীনতা দেখানো উচিত নয়। যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলাটি চালায়।
রাশিয়ার আহ্বানে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক-
ইরান পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে।
যুদ্ধে লেবাননে নিহত বেড়ে ১ হাজার ১১৬-
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৬ জনে পৌঁছেছে। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে বলেছে, এক হাজার ১১৬ জন নিহত হওয়ার পাশাপাশি দেশটিতে আহত হয়েছেন আরও তিন হাজার ২২৯ জন। চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৬২ জন।
আলজাজিরা জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, লড়াইয়ে একজন কর্মকর্তা ও এক সেনা আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 



















