আকাশ জাতীয় ডেস্ক:
বর্তমান করোনা সঙ্কট মোকাবিলায় সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, সরকারের পাশাপাশি গার্মেন্টস সংগঠনগুলো তাদের কারখানাগুলোর কর্মীদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা সহজ হবে। তবেই এ সঙ্কট ভালোভাবে মোকাবিলা সম্ভব।
বুধবার (২৯ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ অ্যান্ড হিউম্যান রাইটস: প্রোটেকটিং দ্যা মোস্ট ভালনারেবল’ শীর্ষক এক ওয়েব সেমিনারে (ওয়েবইনার) ঢাকা থেকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ অভিমত তুলে ধরেন। এ সেমিনারের আয়োজন করে জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ও ন্যাটুরা কোম্পানির চেয়ারম্যান রবার্ট মারকুইসও সেমিনারে অতিথি হিসেবে অংশ নেন।
বাংলাদেশে করোনা ভাইরাসজনিত সঙ্কট মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে করোনা ভাইরাসজনিত সঙ্কট মোকাবিলায় বেশকিছু উদ্দীপনা প্যাকেজসহ তার সরকারের তরফ থেকে দুই ধাপে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার সার্বিক একটি প্যাকেজ ঘোষণা করেছেন।
এর মধ্যে প্রথম ধাপে তিনি রপ্তানিমুখী শিল্পকর্মী ও কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকা (জরুরি) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন এবং দ্বিতীয় ধাপে ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার চারটি নতুন আর্থিক উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেন। এছাড়া কৃষিখাতের ক্ষতি মোকাবিলায় কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেন শেখ হাসিনা।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসজনিত সঙ্কট মোকাবিলায় সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষ এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সারাদেশের ঝুঁকিপূর্ণ ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। গত ২৬ এপ্রিল পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে ৭০ লাখ ৬৭ হাজ্জার ৯৩০টি পরিবার তথা তিন কোটি ৮১ লাখ ৫৮ হাজার ২৬৮ জনের কাছে সরকারের চাল ও নগদ টাকার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর বাইরে শিশুদের জন্যও আলাদাভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে রমজন উপলক্ষে দেশব্যাপী ৪৯৮টি ট্রাকে করে সাশ্রয়ী দামে এক হাজার ৬০০ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা, পেয়াঁজ ইত্যাদি।
আকাশ নিউজ ডেস্ক 



















