সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার যমুনা নদীর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আলী আকবরের ছেলে জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রোববার দুপুরে জিসান সিরাজগঞ্জ শহরের বাসিন্দা জাহিদ হাসান আঁচলসহ কয়েকজন বন্ধুর সঙ্গে স্পার বাঁধ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে গোসল করতে নামলে জিসান পানিতে তলিয়ে যান, তবে তার অপর তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দলকে তলব করা হয়। রোববার সন্ধ্যায় তাদের উদ্ধার অভিযান শুরু হলেও তখন কোনো ফলাফল পাওয়া যায়নি।
পরদিন সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান চললে ওই ঘাট এলাকাতেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জিসানের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























