অাকাশ জাতীয় ডেস্ক:
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে বার্ন, প্লাস্টিক ও নিউরো সার্জারি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন।
এই ক্যাম্পের কার্যক্রম ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে অগ্রিম রোগী বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের মধ্য থেকে অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের ক্যাম্পকালীন বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সঙ্গে জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ড প্রতিনিধি ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন (জার্মানি) এবং অ্যাকশন ফর ডিফিনছেলেস পিপল ফাউন্ডেশন (হাঙ্গেরী), শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর স্বনামধন্য ডাক্তাররা এই কার্যক্রমে যোগ দেন।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নএন্ড প্লাস্টিক সার্জারীর প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম, আবাসিক চিকিৎসক ডা. হোসাইন ইমামসহ দেশ-বিদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে সেবা দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিটে এখন থেকে নিয়মিত সেবা পাওয়া যাবে। এই হাসপাতাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তৈরি। এই হাসপাতাল মানব কল্যাণে শতশত বছর সেবা দিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























