যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের তালিকায় ভারতসহ এক ডজন দেশ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই দেশগুলো তাদের অভ্যন্তরীণ শিল্পখাতকে কৃত্রিমভাবে সহায়তা দিচ্ছে, যার ফলে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রভাবশালীদের মধ্যে থাকা ভারত ছাড়াও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই নতুন শুল্কের নিশানায় রয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই যুক্তরাষ্ট্র এই নতুন শুল্কের ঘোষণা দিতে যাচ্ছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহে এই সংক্রান্ত তদন্তের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ মার্চ এই তদন্ত শুরু হয়েছিল। বাণিজ্য আইনের এই ধারায় কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত হোয়াইট হাউস ও ইউএসটিআর এসব প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর শিল্পোৎপাদন সক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে তারা বিশ্ববাজারে পণ্য সরবরাহ করছে কম দামে, যা মার্কিন উৎপাদকদের জন্য অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে। গ্রিয়ার জানিয়েছেন, এই বাড়তি সক্ষমতা মার্কিন অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৫ সালে প্রেসিডেন্ট কর্তৃক নির্ধারিত শুল্কের মতোই একটি হারের পরিকল্পনা রয়েছে তাদের। যদিও সেই শুল্ক ব্যবস্থাটি পরবর্তীতে দেশটির সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন। বর্তমানে নতুন প্রস্তাবিত শুল্কের হার নিশ্চিত না হলেও, জুলাই মাসে বিদেশি সরবরাহ চেইনে জবরদস্তিমূলক শ্রমের বিরুদ্ধে সম্পন্ন হওয়া আরেকটি তদন্তের ফলাফল অনুযায়ী ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। সংস্থাটি জানায়, এর ফলে ডজনখানেক বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত। ইউএসটিআরের ঘোষণার ফলে নিশানা করা দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক বসবে।
তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু নির্দিষ্ট শিল্পপণ্য এই নতুন শুল্কের আওতামুক্ত থাকতে পারে, কারণ জাতীয় নিরাপত্তার খাতিরে এসব পণ্যে আগে থেকেই শুল্ক কার্যকর রয়েছে। জুলাই মাসে ঘোষিত শুল্কের সঙ্গে নতুন এই উদ্যোগ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে, যার কাঠামো চলতি বছরের ফেব্রুয়ারিতেই চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে নয়াদিল্লি মার্কিন বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগীদের তুলনায় কম শুল্ক সুবিধা পেতে আগ্রহী। তবে গত বছর ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর অধীনে আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করায় বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 























