দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বজায় রাখতে সাত জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন। এর বাইরে আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে বিশেষ প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন সংবেদনশীল স্থানে নজরদারি ও টহল জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল কাজ করছে। এই সেল ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ নিবিড়ভাবে যাচাই করছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিজেদের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি জেলাগুলোতে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, জনজীবন স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























