চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা বাউন্ডারি ঘেরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাড়িতে কেয়ারটেকার ছাড়া অন্য কোনো সদস্য না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী না থাকায় কিংবা পাঁচলাইশ থানার ওসির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া না যাওয়ায় ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাড়ির ভেতর আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে পুলিশ প্রশাসন শহরের প্রভাবশালী কয়েকজনের বাসভবনে অভিযান চালায়। এর মধ্যে পাঁচলাইশ থানা পুলিশ প্রয়াত সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে তল্লাশি চালায়। ৫ আগস্টের পর থেকে নওফেলের বাসায় একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে কোতোয়ালী থানা পুলিশ আন্দরকিল্লায় অবস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে প্রথমবারের মতো অভিযান পরিচালনা করে। আ জ ম নাছির সরকারের পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা মাঠে সক্রিয় রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম।
বুধবার সন্ধ্যা থেকেই নগরীর আন্দরকিল্লা, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। নিউ মার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। একই সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালায়।
এর পাশাপাশি সহিংসতার জেরে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বুধবার সন্ধ্যায় কর্ণফুলী থানার মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে একটি বাস তুলে দিলে অন্তত ৭ জন নেতাকর্মী আহত হন। একের পর এক এসব নাশকতামূলক কর্মকাণ্ড ও পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























