বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল, প্রযুক্তিভিত্তিক ও আধুনিক রূপ দিতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
সভায় পূর্ববর্তী বৈঠকের নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কমিটির সামনে হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়। সংসদীয় ডিজিটালাইজেশন কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের নানা দিক, বিভিন্ন উপাদানের আন্তঃসমন্বয় এবং সুষ্ঠু কর্মপরিকল্পনা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তিন বছর মেয়াদি এই প্রকল্পের সব কার্যক্রম শেষ করতে প্রয়োজনীয় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পের সাউন্ড সিস্টেম সংক্রান্ত কারিগরি বিষয়ে ইউএনডিপির প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা এবং কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। আগে সাউন্ড সিস্টেমের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ করা হলেও, তা বাড়িয়ে সর্বনিম্ন ১৪ ইঞ্চি নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আন্তর্জাতিক মান বজায় রেখে একটি সঠিক প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরির উদ্দেশ্যে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জকে নিয়ে গঠিত এই উপকমিটি প্রকল্প সংশ্লিষ্ট দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করে মূল কমিটির কাছে একটি প্রস্তাবনা ও সুপারিশ প্রতিবেদন জমা দেবে।
এই বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ অংশগ্রহণ করেন। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























