নিষেধাজ্ঞা পাওয়া আওয়ামী লীগের ডাকা আগামী বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দলটি এই কর্মসূচি বাস্তবায়নের আড়ালে বড় ধরনের নাশকতার ছক কষেছে। ইতোমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। দলটির হাই কমান্ডের সরাসরি নির্দেশনায় মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এসব তৎপরতা চালাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে দলটির নেতাদের সরাসরি অগ্নিসংযোগের নির্দেশ দিতেও শোনা গেছে। বাংলাদেশে নাশকতায় তাদের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন গ্রুপ খুলে নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ বর্তমানে ভারতের কলকাতায় সমবেত হয়েছেন। সেখান থেকেই বাংলাদেশে নাশকতার ছক তৈরি ও অর্থায়ন করা হচ্ছে। চলতি মাসে কলকাতা থেকে বেশ কিছু নেতাকর্মী গোপনে বাংলাদেশে প্রবেশ করেছেন বলেও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। বিশেষ করে গোপালগঞ্জসহ যেসব এলাকায় নাশকতা হয়েছে, তা কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ বলেই মনে করছেন গোয়েন্দারা। নেতারা কলকাতায় বসে ডিসেম্বরের ছক কষছেন। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে। নিয়মিত বৈঠক করে মাঠ পর্যায়ে নানা দিক-নির্দেশনা দিচ্ছেন।
নাশকতার পরিকল্পনা এবার সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, আগামী ১৯শে নভেম্বর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় এবং বাসাবাড়িতে হামলা বা ভাঙচুরের চেষ্টা করতে পারে। নাশকতার জন্য সীমান্ত পথে চোরাই পথে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র আনার প্রমাণও মিলেছে। গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি শক্তিশালী হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বিজিবি। এই চালানকে বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের এসপিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো ধরনের সহিংসতা কঠোর হাতে দমনের কথা বলা হয়েছে।
এদিকে, গত সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূল ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তুরাগ থানার তথ্যানুযায়ী, মুখে মাস্ক পরা দুই ব্যক্তি অফিসের বাইরের স্টিলের গেটে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। গেটটি স্টিলের হওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি এবং এক পর্যায়ে নিভে যায়। এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চালিয়ে যাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























