আয়কর রিটার্ন দাখিলের সময় সম্পদের বিবরণীতে সোনার গয়নার হিসাব দেখানো একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিয়ে, উপহার পাওয়া বা নিজে কেনা সোনার গয়না আপনার সম্পদের অংশ হিসেবে বিবেচিত হয়। অনেকে সোনা কেনা থাকলেও রিটার্নে তা উল্লেখ করতে দ্বিধাবোধ করেন, আবার অনেকে সঠিক হিসাব না জেনে ভুল তথ্য দেন। সম্পদের বিবরণীতে গয়নার সঠিক পরিমাণ ও মূল্য প্রদর্শন করা করদাতাদের জন্য জরুরি। তাই রিটার্নে হিসাব দেওয়ার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। সোনার বাজারদর বেড়ে গেলেই সম্পদ বিবরণীতে গয়নার মূল্য বাড়িয়ে দেখানোর প্রয়োজন নেই।
অনলাইনে ই-রিটার্নের মাধ্যমে সম্পদ ও দায় বিবরণী দাখিলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ঘর বা খাত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে প্রবেশ করে সম্পদ ও দায় বিবরণী অংশে গয়না, হীরা বা অলঙ্কারের জন্য নির্ধারিত ঘরটি নির্বাচন করতে হবে। সেখানে আপনার কাছে থাকা সোনার পরিমাণ ও তার ক্রয়মূল্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
একাধিক ধরনের সোনার গয়না থাকলে সবগুলোর পরিমাণ যোগ করে মোট হিসাব দিতে হয়। যেমন—কারও কাছে ২ ভরি সোনার চুড়ি, ৩ ভরি সোনার হার, ১ ভরি কানের দুল এবং ১ ভরি আংটি থাকলে মোট সোনার পরিমাণ হবে ৭ ভরি। যদি এই গয়নার মোট ক্রয়মূল্য ৫ লাখ টাকা হয়, তবে বিবরণীতে ৭ ভরি সোনা এবং ৫ লাখ টাকা মূল্য দেখাতে হবে। আবার কারও কাছে ১০ ভরি সোনার গয়না আছে, কিন্তু রিটার্নে বেশি দেখান, তাও ঠিক নয়।
পুরোনো গয়নার ক্ষেত্রে একটি সাধারণ ভুল হলো প্রতি বছর বাজারদরের সাথে সমন্বয় করা। মনে রাখবেন, গত বছর রিটার্নে যে মূল্য দেখিয়েছিলেন, এ বছরও সেই একই মূল্য প্রদর্শন করতে হবে। উদাহরণস্বরূপ, গত বছর আপনার ৫ ভরি সোনা যদি ৩ লাখ টাকা মূল্যে দেখিয়ে থাকেন, তবে এ বছর সোনার দাম বাড়লেও রিটার্নে আগের দেখানো ৩ লাখ টাকাই অপরিবর্তিত থাকবে।
নতুন কেনা গয়নার ক্ষেত্রে প্রকৃত ক্রয়মূল্য যোগ করতে হবে এবং কেনার রসিদ সংরক্ষণ করা বাঞ্ছনীয়।
এছাড়া জন্মদিন বা বিয়ের মতো অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া গয়নাও সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
তবে উপহারের উৎসের তথ্য এবং মূল্য নির্ধারণের ভিত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা ভালো।
রিটার্নে দেওয়া তথ্যের সাথে আপনার বার্ষিক আয়, ব্যয় ও অন্যান্য সম্পদের সামঞ্জস্য থাকা একান্ত প্রয়োজনীয়।
সোনার গয়নার হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলো হলো
- সোনার গয়নার পরিমাণ ভরিতে উল্লেখ করুন।
- পুরোনো গয়নার ক্ষেত্রে আগের বছর রিটার্নে দেখানো মূল্য বজায় রাখুন।
- নতুন গয়না কিনলে প্রকৃত ক্রয়মূল্য যুক্ত করুন।
- গয়না কেনার রসিদ ও উপহার পাওয়ার প্রমাণ থাকলে সংরক্ষণ করুন।
- গয়না বিক্রি বা হস্তান্তর করলে সম্পদ বিবরণীতে তার যথাযথ সমন্বয় করুন।
আকাশ নিউজ ডেস্ক 
























