নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহিংসতার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাড়ির পরিত্যক্ত গ্যারেজ অংশে এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে, যা এক পথচারী রিকশায় যাওয়ার সময় ধারণ করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বাড়িটি নিয়মিত পুলিশ পাহারায় থাকে। তিনি বলেন, ‘বাড়িটিতে আমাদের তিনজন সদস্য পাহারা দিলেও তারা বিষয়টি তৎক্ষণাৎ খেয়াল করতে পারেননি। আগুন লাগার স্থানটি পরিত্যক্ত এবং সেখানে ভাঙা কিছু আসবাবপত্র ছিল। পুলিশের সদস্যরা নিজেরা চেষ্টা চালিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফলে ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন পড়েনি।’ ক্ষয়ক্ষতি সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, ‘যেখানে আগুন লাগে ওই অংশ পরিত্যক্ত।
অগ্নিকাণ্ডের নেপথ্যে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কমিশনার আরও জানান, বর্তমানে তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























