বাড়ির ছোট্ট সদস্যরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন খেলনার সাথে সময় কাটাতে পছন্দ করছে। এগুলো কেবল গান শোনায় না, বরং শিশুর সাথে মানুষের মতো কথোপকথন চালিয়ে যেতে পারে। কিন্তু এই খেলনাগুলো শিশুর নতুন বন্ধু হয়ে ওঠার পাশাপাশি বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে। পাঁচ বছরের এক শিশুর মায়ের অভিজ্ঞতা অনুযায়ী, খেলনাগুলো শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছে, যা অনেক ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘মা, ভালুকটা বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। সন্ধ্যা সাতটায় পাঁচ বছরের তিশার (ছদ্মনাম) কথা শুনে মা হাসলেন; কিন্তু একটু থমকেও গেলেন কিছুটা। এই খেলনা তো শুধু গান গায় না, উত্তরও দেয়। ভেতরে ইন্টারনেট সংযুক্ত এআই, তাই শিশুর যেকোনো প্রশ্নের উত্তর সে বানিয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ডের পরীক্ষায় দেখা গেছে, অন্তত চারটি এআই খেলনা শিশুদের জন্য বিপজ্জনক তথ্য দিচ্ছে। এগুলো ঘরের কোথায় দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগের মতো ঝুঁকিপূর্ণ জিনিস পাওয়া যাবে, তা অনায়াসে বলে দিচ্ছে। এমন একটি টেডি বিয়ারের বিপণন সাময়িকভাবে বন্ধ করতেও বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত গবেষণা বলছে, কথোপকথনক্ষম এই প্রযুক্তি তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার দিকটি সেভাবে গুরুত্ব পায়নি। ‘দ্য কনভারসেশন’-এর গবেষণায় দেখা গেছে, ছোট শিশুদের পক্ষে বোঝা কঠিন যে খেলনাটি জীবন্ত নয়। অনেক সময় এসব খেলনার ব্যবসায়িক মডেল শিশুর সাথে কথোপকথনের দীর্ঘস্থায়ী সময়ের ওপর নির্ভর করে, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়েও প্রশ্ন তুলছে।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, শিশুর কল্পনাশক্তি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে এবং এমন খেলনা ঘরের সবার নজরে থাকে এমন জায়গায় রাখা উচিত। নিয়মিত শিশু ও খেলনার কথোপকথন শোনার পাশাপাশি সন্তানকে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার নিয়মগুলো শিখিয়ে দেওয়া জরুরি।
আকাশ নিউজ ডেস্ক 
























