আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে কুয়েতে নতুন একটি যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। জোটের সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সমন্বয় ও সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই জানিয়েছে, জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এই কমান্ড কেন্দ্রে উপযুক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হবে। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে।
জিসিসির ছয়টি সদস্য রাষ্ট্র ২০০০ সালে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছিল। সেই চুক্তি অনুযায়ী, একটি সদস্য দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়। তবে ন্যাটো জোটের মতো জিসিসির এই আত্মরক্ষার অঙ্গীকার ততটা সুসংহত নয়। পর্যবেক্ষকদের মতে, জিসিসির যৌথ সামরিক কমান্ডের কাঠামোয় যে দুর্বলতা রয়েছে, তা কাটিয়ে উঠতেই এই নতুন কেন্দ্র তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময় হামলার ঘটনায় জোটটির পক্ষ থেকে কার্যকর কোনো সাড়াও পাওয়া যায়নি। যেমন, ২০২০ সালের সেপ্টেম্বরে দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলা কিংবা সৌদি আরবে হুথিদের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় জিসিসি কোনো জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে।
কমান্ড কেন্দ্রটি কুয়েতে স্থাপন করার সিদ্ধান্তটির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি আগে থেকেই ইরান ও ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের আগে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সেখানে ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো দুটি বড় স্থাপনা রয়েছে, যেখানে ইরান অতীতে তীব্র আক্রমণ চালিয়েছিল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেই নিজের ঘাঁটিগুলো রক্ষা করতে হিমশিম খাওয়ার সময় জিসিসি কতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।
দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার জন্য মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সেই আস্থার জায়গাটি প্রশ্নের মুখে পড়েছে। ইরানের ওপর হামলা না চালানোর জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করলেও তাতে কোনো কাজ হয়নি। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় ইরান। কিছু বিশ্লেষক মনে করছেন, মার্কিন সেনাদের উপস্থিতি উপসাগরীয় দেশগুলোকে নতুন করে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাই বাধ্য হয়ে সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সাথে মক্কা চুক্তি সক্রিয় করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করছে। নিরাপত্তার জন্য বাইরের অংশীদারদের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো।
আকাশ নিউজ ডেস্ক 
























