নেত্রকোণার মদন উপজেলায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল জানান, মাত্র ৯ কার্যদিবসে সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র এবং ডিএনএ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে আদালত আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ দিয়েছেন। নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের নভেম্বর মাসে। ওই সময় মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড় বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগর তার শিক্ষার্থীকে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর শারীরিক পরিবর্তনের বিষয়টি পরিবারের নজরে এলে স্বাস্থ্য পরীক্ষায় সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় একটি মামলা করেন।
পুলিশ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৬ মে র্যাব অভিযুক্ত শিক্ষক সাগরকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। এরপর ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসামি সাগরই যে শিশুটির জৈবিক পিতা, তা প্রমাণিত হয়। এরপর পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দিলে বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় এল।
আকাশ নিউজ ডেস্ক 
























