আসন্ন ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকছে, যার মধ্যে সাতটি দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।
তালিকায় সাধারণ ছুটির সংখ্যা ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটির সংখ্যা ১৪ দিন নির্ধারণ করা হয়েছে। অবশ্য সাধারণ ছুটির মধ্যে ৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির আওতায় পড়েছে। নতুন তালিকায় বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের পাশাপাশি ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
সাধারণ ছুটির তালিকায় রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী, ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।
অন্যদিকে, নির্বাহী আদেশে ছুটির মধ্যে থাকছে ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর, ৮-৯ মার্চ ও ১১-১২ মার্চ ঈদুল ফিতরের আগে-পরে চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৫-১৬ মে ঈদুল আজহার আগে এবং ১৮-২০ মে পরবর্তী তিন দিনসহ মোট পাঁচ দিন, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমী।
ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে ধর্মীয় পর্বভেদে বিভিন্ন তারিখ নির্দিষ্ট করা হয়েছে। মুসলিম পর্বের মধ্যে রয়েছে শবে মিরাজ (৬ জানুয়ারি ও ২৬ ডিসেম্বর), ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন (১৩ মার্চ), ঈদুল আজহার পরের চতুর্থ দিন (২১ মে), আখেরি চাহার সোম্বা (২৮ জুলাই) এবং ফাতেহা-ই-ইয়াজদাহম (১৩ সেপ্টেম্বর)।
হিন্দু ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), শিবরাত্রি ব্রত (৬ মার্চ), দোলযাত্রা (২২ মার্চ), হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব (৪ এপ্রিল), মহালয়া (৩০ সেপ্টেম্বর), দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী (৭-৮ অক্টোবর), লক্ষ্মীপূজা (১৪ অক্টোবর) এবং শ্যামাপূজা (২৮ অক্টোবর)।
খ্রিষ্টানদের ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে ১ জানুয়ারি নববর্ষ, ১০ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৫-২৭ মার্চ পুণ্য বৃহস্পতিবার থেকে শনিবার, ২৮ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মোৎসবের আগের ও পরের দিন। এছাড়া বৌদ্ধ পর্বের মধ্যে মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), চৈত্রসংক্রান্তি (১৩ এপ্রিল), বুদ্ধ পূর্ণিমা (১৯ ও ২১ মে), আষাঢ়ী পূর্ণিমা (১৮ জুলাই), মধু পূর্ণিমা (১৫ সেপ্টেম্বর) ও প্রবারণা পূর্ণিমা (১৪ অক্টোবর) রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও অনুরূপ সামাজিক উৎসবের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে—১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।
আকাশ নিউজ ডেস্ক 
























