রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা, লুটপাট এবং স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দারুসসালাম জোনের এসি এমদাদুল হক বিপুল এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় বা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই নারকীয় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি সংগঠনের ব্যানার ব্যবহার করে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। হামলাকারীরা দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। শুধু লুটপাটই নয়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাকা ও আধা-পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে।
স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে বিএনপির দু’টি পক্ষ এই জায়গাটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে একটি পক্ষ সমবায় সমিতির নাম ভাঙিয়ে কেন্দ্রটি দখল করে। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 





















