নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (৫ সেপ্টেম্বর) এক সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরকালে তিনি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সফরসূচি অনুযায়ী, দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ স্থাপনাগুলো পরিদর্শন করবেন। আশা করা হচ্ছে, এই উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে।
সূত্র: আলোকিত বাংলাদেশ
আকাশ নিউজ ডেস্ক 













