আকাশ জাতীয় ডেস্ক:
নসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় মোবাশ্বির হোসাইন তামিম (১৯) নামে এনসিপির এক কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব আইডিয়াল কলেজের সামনে এ মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় এনসিপি কর্মী মোবাশ্বির হোসাইন তামিম বাদী হয়ে ৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে মোবাশ্বির হোসাইন তামিম তার নিজ ফেসবুক আইডিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এ পোস্ট দেখে দুপুরে জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোবাইল ফোনে তাকে আইডিয়াল কলেজের সামনে ডেকে নিয়ে যায়। পরে তামিম কলেজের পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে আসতেই ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ, আবু জজ, মামুন ও সিহাব তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন বলেন, তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না। ঘটনা জেনে তিনি এ বিষয়ে কথা বলতে পারবেন।
এ ব্যাপারে অভিযুক্ত জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 


















