আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। সমাজের সর্বস্তরে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। একসময় শহরকেন্দ্রিক থাকলেও এখন তা গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ বাস্তবতা থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। আমরা ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। সেই লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের নতুন কুঁড়িকে আবার সামনে নিয়ে আসা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর পৌনে ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে কলমাকান্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানার্সআপ বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপির আওতায় বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য চাষিদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।
কলমাকান্দায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কলমাকান্দায় এখনো শিশু-কিশোরদের জন্য মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। আমরা একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং এ নিয়ে কাজও শুরু হয়েছে।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, আজ যারা খেলাধুলায় এগিয়ে এসেছ, তোমাদের প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল। সেই সঙ্গে তোমাদের অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। কারণ সন্তানদের খেলাধুলার সুযোগ দেওয়ার মাধ্যমে তারা একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখছেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ রাষ্ট্র জনগণের। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাই জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমি একজন কৃষকের সন্তান। এ এলাকার সাধারণ কৃষক ও খেটে খাওয়া মানুষের ভোটেই আজ আমি এই অবস্থানে এসেছি।
তিনি আরও বলেন, অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা চাই দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যবহার হোক।
শেষে তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ ভবিষ্যতে মনে রাখে—এই ইউএনও, এই ওসি কিংবা এই কর্মকর্তাদের সময়ে মানুষ ভালো ছিল। জনগণের আস্থা অর্জন করাই একজন কর্মকর্তার সবচেয়ে বড় সাফল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফয়সাল আহম্মেদ রাব্বিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তরিকুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 



















