আকাশ জাতীয় ডেস্ক:
কারাগারের অধীনে হাসপাতালে থাকা ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিনের মোবাইলফোন ও জুম মিটিংয়ে সহযোগিতার অভিযোগে ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এছাড়া চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।
সিনিয়র জেল সুপার জানান, ডেসটিনির রফিকুল আমিনের জুম মিটিংয়ের ঘটনায় জড়িত সন্দেহে ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া চার প্রধান কারারক্ষী হলেন ইউনুস আলী মোল্লা (১১৫৫১), মীর বদিউজ্জামান (১১৪৭৪), আব্দুস সালাম (১১৪৪৮) ও আনোয়ার হোসেন (১১৫২৪)
আর বিভাগীয় মামলার আসামি সহকারী প্রধান করারক্ষীরা হলেন- জসিম উদ্দিন (১২০১৮), সাইদুল হক খান (১২০০১), বিল্লাল হোসেন (১১৬১৬), ইব্রাহিম খলিল (১১৯৭৫), বরকত উল্লাহ (১১৯৮৭), এনামুল হক (১২১২১), সরোয়ার হোসেন (১১৬৩২)। আর কারারক্ষীরা হলেন- মোজাম্মেল হক (১২৫৩৬), জাহিদুল ইসলাম (১৪৯৭৪), আমির হোসেন (২২১৫৯), কামরুল ইসলাম (১২৩৮২), শাকিল মিয়া (১৫০৩৫), আব্দুল আলীম (কারারক্ষী নম্বর জানা যায়নি)।
রফিকুলের জুম মিটিংয়ের বিষয়টি ফাঁস হওয়ার পরে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কারা অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়। ঢাকা বিভাগের ডিআইজি-প্রিজন্স তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন মুন্সীগঞ্জের জেল সুপার নুরুন্নবী ভুইয়া এবং নারায়ণগঞ্জের জেলার শাহ রফিকুল ইসলাম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আট বছরেরও বেশি সময় ধরে কারান্তরীণ ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। কারাগারে থাকাকালীন অসুস্থ হওয়ায় দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমইউ) ভর্তি আছেন তিনি। কারাগারে থেকেও পরিকল্পনা নিচ্ছেন নতুন এমএলএম ব্যবসার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি জুম অ্যাপ ব্যবহার করে করা মিটিংয়ে নতুন আরেকটি এমএলএম ব্যবসা চালুর কথা বলেন রফিকুল। সেখানে ব্যবসা শুরু করতে এক হাজার ৩০০ মার্কেটিং এজেন্ট নিয়োগের কথাও বলেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক।
সম্প্রতি তার এমন দুটি মিটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। কারাবন্দি একজন আসামি জুম অ্যাপ ব্যবহার করে কীভাবে মিটিং করেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















