দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বজায় রাখতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির সদস্যরা কাজ শুরু করেছেন। এসব এলাকায় তারা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট এলাকার শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য জনবহুল স্থানে বিজিবি সদস্যদের নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরণের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড মোকাবিলায় বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
মাঠ পর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও চিত্র যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেও বিজিবি তাদের পেশাদারত্ব ও ধৈর্য বজায় রেখে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি বদ্ধপরিকর।
আকাশ নিউজ ডেস্ক 























