জাতীয় বাজেটে নানামুখী আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের ভবিষ্যৎ রক্ষায় শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আয়োজনে একটি উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক এই আয়োজনে মাহ্দী আমিন শিশুদের উন্নয়নে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তার মতে, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার জন্য করা ব্যয় কোনো সাধারণ খরচ নয়, বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে কার্যকর বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
মাহ্দী আমিন আরও বলেন, প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় শিশুদের কেন্দ্রবিন্দুতে রাখা উচিত। একটি জ্ঞানভিত্তিক, আত্মমর্যাদাশীল ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে আজকের শিশুদের সঠিক মেধা ও মননের বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। কেবল স্বল্পমেয়াদি হিসাব নয়, টেকসই মানবিক আগামী গড়ার লক্ষ্যেই শিশুদের জন্য পর্যাপ্ত ও সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় মাহ্দী আমিন তার বক্তব্য তুলে ধরেন। সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন। গিলানি তার বক্তব্যে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেন।
আঞ্চলিক এই সংলাপে এশিয়ার বিভিন্ন দেশের নীতি-নির্ধারক, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, বেসরকারি খাতের প্রতিনিধি এবং শিশু অধিকারকর্মীরা অংশ নেন। সভার মূল উদ্দেশ্য ছিল জাতীয় বাজেটে শিশুদের স্বার্থ কীভাবে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধি দলের প্রধান এক নাথ ঢাকাল, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।
আকাশ নিউজ ডেস্ক 






















