ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এক অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি বলেন, ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডে জড়িত থেকে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বাস্তবায়নাধীন ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং ইউএনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বৃদ্ধির সাথে সাথে বাস্তবায়নের কারিগরি ও আনুষঙ্গিক জটিলতাও বেড়েছে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব। এই কর্মশালার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্পের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সামঞ্জস্য বজায় রাখা জরুরি। প্রকল্পের গুণগত মান বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে তা বাস্তবায়নে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। আয়োজনে ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার জন্য স্পিকার ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে বলেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন, যা ছিল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর পর বর্তমানে একটি নির্বাচিত সংসদ পাওয়ায় জনপ্রতিনিধিদের জবাবদিহি ও দায়বদ্ধতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। ২০১৫ সালে এসডিজি গৃহীত হলেও অতীতের অনির্বাচিত সংসদ সদস্যরা এর বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন, যা বর্তমান সংসদ সদস্যরা পূরণ করবেন বলে তিনি আশাবাদী।
বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্য অর্জনে একটি টেকসই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি সংসদ সদস্যদের দক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ইউএনডিপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























