ঢাকাকে কোনোভাবেই যেন সন্ত্রাসীরা কব্জা করতে না পারে, সেজন্য নগরবাসীকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রশাসক বলেন, যারা আগুন-সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতে চায়, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ সময় তিনি রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে মহানগর বিএনপির নেতাদেরও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ঢাকা শহর অপরিষ্কার থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ রোধ করা অসম্ভব হয়ে পড়বে। নাগরিক সুস্বাস্থ্য নিশ্চিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 























