তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় সভায় বসছে সরকারি নিম্নতম মজুরি বোর্ড। বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থান পরিবর্তন করা হয়েছে। সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং শ্রমিক ও মালিকপক্ষের অনুরোধের প্রেক্ষিতে সভাটি এবার ১৯৮, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে (শ্রম ভবন, লেভেল-১৯) আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। নোটিশ অনুযায়ী, সোমবার বেলা ১১টায় ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সভাটি হওয়ার কথা ছিল।
বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আফতাব সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভার আলোচ্যসূচিতে মালিকপক্ষের ন্যূনতম মজুরি সংক্রান্ত লিখিত প্রস্তাব দাখিল এবং শ্রমিকদের মজুরি হার নিয়ে বিস্তারিত আলোচনা প্রাধান্য পাবে। সরকার গত ১ নভেম্বর পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ছয় সদস্যের নতুন এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে চেয়ারম্যানের পাশাপাশি মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন। বোর্ডের ১১ নভেম্বর জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষকে নিজেদের মজুরি প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব তুলে ধরেন। অন্যদিকে, মালিকপক্ষকে প্রস্তুতির জন্য চারদিন সময় দেওয়া হয় এবং তারা ১৫ নভেম্বর নিজেদের প্রস্তাব জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ নির্ধারিত মজুরি কাঠামো অনুযায়ী বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে চলমান নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিক সংগঠনগুলো দীর্ঘ দিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে আসছে। এখন তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব এবং উভয় পক্ষের আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ কতটা জোরালো হয়, তা দেখার অপেক্ষায় সংশ্লিষ্ট মহল।
আকাশ নিউজ ডেস্ক 























