নুসরাতকে জুলাইয়ের কন্যা ও সহযোদ্ধা আখ্যা দিয়ে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। আবিদুল ইসলাম জোর দিয়ে বলেন, তারা নুসরাতদের পাশে পূর্ণ শক্তি নিয়ে পাশে আছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।
ফেসবুক পোস্টে তিনি রাজনৈতিক অঙ্গনে চলমান পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানান। তিনি জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানান। তিনি স্পষ্ট করেন যে, যারা হাজারো ভাইবোনের রক্তের জন্য দায়ী, সেই ফ্যাসিস্ট শক্তিকে তারা আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবেন না।
আবিদুল ইসলাম ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তীব্র সমালোচনা করে বলেন, তারা এ দেশের মানুষ নন। হাজার হাজার মানুষ হত্যার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দ্রুততম সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি পুনর্ব্যক্ত করেন।
পরিশেষে, ফ্যাসিবাদী সংগঠনের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি সারা দেশে ফ্যাসিবাদবিরোধী শক্ত দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনি দলের কাউকে আর এই মাটিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে লাগাতার কঠোর কর্মসূচি চলবে।
আকাশ নিউজ ডেস্ক 
























