সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়।
রবিবার সকাল দশটায় জেদ্দা সুপারডোমে এই চার দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়।
পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যেখানে হজ কোটা নির্ধারণ ও দ্বি-পাক্ষিক হজ চুক্তি নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। রবিবার (৮ নভেম্বর) সকাল দশটায় জেদ্দা সুপারডোমে শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করেছে। ২০১৯ সালে সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে চালু হওয়া পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো হজ ও উমরা পালনকারীদের যাত্রা আরও আরামদায়ক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা। এছাড়া আগামী হজ মৌসুমের প্রস্তুতি এগিয়ে রাখা, সেবার মান বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। এটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অন্যতম কর্মসূচি।
আয়োজক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলন ৬৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত, যেখানে ১৫টিরও বেশি প্রধান জোন এবং কর্মসূচি রয়েছে। বিমান পরিবহন, স্বাস্থ্যসেবা, আবাসন, অবকাঠামো ও প্রযুক্তিসংশ্লিষ্ট ৫২০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী সেবা তুলে ধরছে। সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচিতে অবকাঠামো ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
এবারের আসরে প্রথমবারের মতো ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম’ যুক্ত করা হয়েছে। ‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্য সামনে রেখে এই ফোরামটি হজ কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রদানে কাজ করবে। এর পাশাপাশি সম্মেলনে থাকবে হজ কাউন্সিল ও বিশেষ প্রদর্শনী। এছাড়া এবারের সামগ্রিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মক্কা থেকে বিশ্বে’, যার মাধ্যমে সৌদি আরবের অভিজ্ঞতা ও আধুনিক ব্যবস্থাপনা বিশ্বের সাথে ভাগাভাগি করার সুযোগ তৈরি হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ড. গাসসান আলনুআইমি জানান, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টিরও বেশি সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ধরনের আয়োজনে এ পর্যন্ত ৩১০টির বেশি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৫ লাখ ৭০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছেন। মুখপাত্রের মতে, এই সম্মেলনের প্রকৃত সাফল্য শুধু সমঝোতা স্মারকে নয়, বরং এসব উদ্যোগের সফল বাস্তবায়ন ও হজযাত্রীদের সেবার মানোন্নয়নের মধ্যেই নিহিত।
সম্মেলনের লক্ষ্য কেবল আলোচনা নয়, বরং সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজ প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং সেবাদানকারী কোম্পানিগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে হজযাত্রীদের প্রয়োজন অনুযায়ী কার্যকর সমাধান ও অংশীদারত্ব গড়ে তোলা। আধুনিক প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের ব্যবহারের মাধ্যমে হজযাত্রার বিভিন্ন ধাপকে আরও সহজ ও প্রযুক্তিগতভাবে উন্নত করার ওপর জোর দিচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।
আকাশ নিউজ ডেস্ক 























