গাজীপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে উড়িয়ে দিয়েছে গাজীপুর জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য স্পষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ পার্শ্ববর্তী এলাকায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো অশুভ চক্র বা দুষ্কৃতকারী যাতে সহিংসতা ও ভাঙচুর চালিয়ে জনগণ কিংবা রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধন করতে না পারে, সেজন্য পুলিশ অত্যন্ত ধৈর্য, সংযম ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর যৌক্তিক দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ইতোমধ্যেই একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্রান্তকারী গোষ্ঠী আন্দোলনরত শ্রমিকদের পুলিশের মুখোমুখি দাঁড় করাতে এবং নিজেদের সুবিধা আদায় করতে গুলিতে শ্রমিক ও শিক্ষার্থী হতাহতের অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আন্দোলনের মধ্যে পুলিশ কোনো গুলি চালায়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।
এমতাবস্থায় কোনো ধরনের বিভ্রান্তিকর গুজব ও অপপ্রচারে কান না দিতে সাধারণ শ্রমিক এবং নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। একইসঙ্গে দুষ্কৃতকারীদের প্ররোচনায় জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও সহিংস কর্মকাণ্ড থেকে দূরে থেকে সবাইকে নিজ নিজ কর্মস্থলে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























