সশস্ত্র গোষ্ঠী হুতির সামরিক তৎপরতা ও অগ্রযাত্রা সামাল দিতে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে সরাসরি অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে চারটি কার্গো বিমানে করে এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছানো হয়েছে। চলমান এই গৃহযুদ্ধে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততা ও ভূমিকা এই অস্ত্র পাঠানোর মাধ্যমে আরও স্পষ্ট হলো।
পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তার তথ্যানুযায়ী, এডেনে পাঠানো চালানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামানের পাশাপাশি ড্রোন ও ড্রোন প্রতিরোধী সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে, দেশটির সামরিক উপদেষ্টারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনি সেনাদের প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা প্রদান করছেন।
মূলত হুতির বিরুদ্ধে একটি বড় আকারের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, লোহিত সাগরের পুরো উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ বর্তমানে হুতির হাতে চলে যাওয়ায় এই অঞ্চলে অস্থিরতা বেড়েছে। এই বড় ধরনের অগ্রযাত্রা রুখতেই পাকিস্তান এই সামরিক সহায়তা প্রদান করেছে বলে প্রতীয়মান হয়।
আকাশ নিউজ ডেস্ক 


















