বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণ এবং নিউইয়র্কে সম্পন্ন হওয়া বিভিন্ন কর্মসূচির জন্য তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকটের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
আকাশ নিউজ ডেস্ক 





















