আকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজার আদালত চত্বরে গুলির ঘটনায় বিদেশি অস্ত্রসহ জিয়াউল হক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা মঈন উদ্দিন ও রনি।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে যান আদালতে। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। লিয়াকত আলী একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
এ ঘটনায় জিয়াউল হক জিয়া (৩৪) নামের একজনকে আটক করে লিয়াকতের সঙ্গে থাকা লোকজন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক জিয়াউল হক জিয়ার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়।
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আদালত প্রাঙ্গণে গুলি করে পালানোর সময় জিয়াউল হককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
অপর অস্ত্রধারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলার পাশাপাশি এ ঘটনায় হত্যাচেষ্টার দায়ে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ধার্য ছিল। সকালে তারা এজলাসে হাজিরা দিতে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় পৌঁছালে ৬ থেকে ৭ জন লিয়াকতকে লক্ষ্য করে গুলি করে।
তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। এ সময় হামলায় অংশ নেওয়া অন্যরা মোটরসাইকেল ও একটি সাদা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিয়াকতকে গুলি করেছে দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় খালেকসহ তার দলের লোকজনের সঙ্গে আমার ভাই লিয়াকতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালত প্রাঙ্গণের হামলায় খালেকের দলের সদস্যরা অংশ নিয়েছে।’
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানান, আদালত গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















