আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মা মার্গারেট ট্রুডোর অ্যাপার্টমেন্টের একটি ভবনে আগুন লাগার পর তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রেডিও কানাডা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মন্ট্রিয়লের উপকণ্ঠে ওই অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলার বাইরের টেরেস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে আগুন নেভাতে ৭০ জনেরও বেশি দমকলকর্মী ছুটে যান।
আগুন লাগার পর সোমবার রাতেই জাস্টিন ট্রুডোর মা মার্গারেট ট্রুডোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাক ধোঁয়াজনিত শ্বাসকষ্টের চিকিৎসা দেয়া হচ্ছে বলে রেডিও কানাডার খবরে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে এক টুইটে ট্রুডো তার মা ভালো আছেন বলে জানিয়েছেন।
ট্রুডো বলেন, মা’র সঙ্গে কথা হয়েছে। তিনি ভালো আছেন। যারা শুভকামনা জানিয়েছেন তাদের ধন্যবাদ। যারা আগুন নেভাতে দ্রুত ছুটে গিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাবনায় আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোও আছে।
মার্গারেট কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর স্ত্রী। তিনি মন্ট্রিয়লের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন।
আকাশ নিউজ ডেস্ক 



















