তেলুগু সিনেমা ‘পেদ্দি’-র বিশেষ গান ‘হেল্লাল্লো’-তে পারফর্ম করা এবং সিনেমাটিতে নারীদের আবেদনময়ী উপস্থাপন ঘিরে তৈরি হওয়া বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। তবে এই চলচ্চিত্রে সহশিল্পী জাহ্নবী কাপুরের অভিজ্ঞতা কেমন ছিল বা তাকে কীভাবে পর্দায় দেখানো হয়েছে, তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। উত্তরে শ্রুতি বলেন, “আমি নাচতে ভালোবাসি, বিষয়টি একেবারে পরিষ্কার করে বলতে চাই। নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো কিছু করছি মানে তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি।
বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ সিনেমায় জাহ্নবী কাপুরের চরিত্র ও এর রূপায়ণ নিয়ে কিছুদিন ধরেই বিনোদন জগতে বেশ চর্চা চলছে। বিশেষ করে সিনেমায় নারীর শরীরকে যেভাবে তুলে ধরা হয়েছে, তার সমালোচনা করেছেন চলচ্চিত্র বিশ্লেষকদের একাংশ। এর মাঝেই শ্রুতি হাসানের পারফর্ম করা ‘হেল্লাল্লো’ গানটি প্রকাশ পেলে আলোচনা নতুন মোড় নেয়।
সম্প্রতি ‘গালাট্টা প্লাস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন শ্রুতি। সিনেমায় আইটেম গান বা বিশেষ নাচ রাখার চর্চা এবং ‘হেল্লাল্লো’-তে কাজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নাচ ও সাজগোজ তার অত্যন্ত পছন্দের বিষয়। নিজের শারীরিক আবেদন দৃশ্যমান করার ক্ষেত্রে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তাকে যথেষ্ট স্বাধীনতা দেয়। কাউকে খুশি করার জন্য তিনি কাজ করেন না। তাই কোনো পোশাকে অস্বস্তি বোধ করলে সরাসরি ‘না’ বলে দেন। এতে অনেকে তাকে কঠিন স্বভাবের মনে করলেও নিজের সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। পাশাপাশি এই ধরনের পারফরম্যান্স পুরুষের নজর কাড়তে করা হয় না বলেও উল্লেখ করেন অভিনেত্রী। নিজের শরীরী আবেদন ও যৌনতার দৃশ্যমান উপস্থাপন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি আমাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে।
সিনেমায় নারীকে বস্তু বা পণ্য হিসেবে উপস্থাপনের চলমান বিতর্ককে শুধু একটি গান বা পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ শ্রুতি। তার মতে, সমাজ ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপেই অন্যকে সন্তুষ্ট করার একটি প্রবণতা কাজ করে। ফলে কেবল বিশেষ কোনো গানকে কেন্দ্র করে পুরো আলোচনা সীমাবদ্ধ রাখা যুক্তিযুক্ত নয়। তবে একই গানে কাজ করলেও জাহ্নবীর হয়ে কথা বলাকে অনুচিত মনে করেন শ্রুতি। ফলে জাহ্নবীর দৃষ্টিভঙ্গি বা তার উপস্থাপন নিয়ে তিনি কোনো কথা বলেননি।
এর আগে গত অক্টোবরে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে ‘পেদ্দি’ নিয়ে নিজের অনুভূতির কথা বলেছিলেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি স্বীকার করেন, সিনেমায় নারীদের উপস্থাপনের কয়েকটি দিক ছিল জটিল ও সমস্যাজনক। পর্দায় দেখানো যৌন সহিংসতার চিত্রায়ন সমাজে নেতিবাচক প্রভাব ফেলে বলেও মত দেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রে নারীর অবজেক্টিফিকেশন নিয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল বলে জানান জাহ্নবী এবং ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।
কাজের ক্ষেত্রে শ্রুতি হাসানকে সম্প্রতি দেখা গেছে ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায়, যা মুক্তি পায় গত ২০ নভেম্বর। এছাড়া মাইস্কিন পরিচালনায় ও বিজয় সেতুপতি অভিনীত তামিল থ্রিলার ‘ট্রেন’-এ দেখা যাবে তাকে। ছবিটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। গত ২০ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি।
আকাশ নিউজ ডেস্ক 























