তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রতিবাদে এবং তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক আন্দোলন শুরু করেছেন শ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটার মধ্যে মহাসড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আন্দোলন ও সংঘাতের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজারসহ নাওজোড়, ছয়দানা ও গাজীপুরা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে সামগ্রিক পরিস্থিতিতে জেলার অর্ধশতাধিক শিল্পকারখানায় আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে সালনা এলাকায় আন্দোলনের মধ্যে বেশ কিছু বহিরাগত দুর্বৃত্ত যোগ দেয় বলে জানায় পুলিশ। একপর্যায়ে দুর্বৃত্তরা দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁদের মারাত্মকভাবে মারধর করে। আহত কর্মকর্তারা হলেন গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য এসআই মঞ্জুরুল ইসলামকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং এএসআই মোশারফ হোসেনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকেরা ইটের ব্লক ফেলে সড়ক বন্ধ করে দেন। পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ইটের আঘাতে সেখানে পুলিশের পাঁচ সদস্য আহত হন। একই সঙ্গে সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা কলম্বিয়ার সামনে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হলে শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে বিজিবির তিন সদস্য আহত হন।
দুপুরের দিকেও বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। বেলা দেড়টার দিকে গাজীপুরা এলাকায় শ্রমিকেরা পুনরায় মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আনসারের দুজন সদস্য মাটিতে পড়ে গিয়ে আঘাত পান। তাঁদের উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকেই কমবেশি আহত হয়েছেন। মারধরে তাঁরা দুজন গুরুতর আহত হন।
পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক ও দুর্বৃত্তদের অতর্কিত হামলা এবং ইটপাটকেলে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যসহ মোট ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেকের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, দুপুরের পর থেকে গাজীপুরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিক নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন জোরদার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























