ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন সেনা নিহত হয়েছেন। রুশ সরকারের নিজস্ব পরিসংখ্যান ও রেকর্ড বিশ্লেষণ করে এই ভয়াবহ তথ্য জানিয়েছে বিবিসি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত প্রায় পাঁচ বছরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরুতে যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে ভাবলেও, বর্তমানে তা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত নানা জায়গার তথ্য নিয়ে তারা নিহত সেনাদের একটি নিজস্ব তালিকা বানিয়েছিল। এতে রাশিয়ার কত মানুষকে যে প্রাণ দিতে হয়েছে, এই পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে উঠেছে।
২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে বিবিসি রাশিয়া। বেলারুশের ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামের দুটি হ্যাকার দল এই তথ্য হ্যাক করে সংগ্রহ করে। যদিও রাশিয়ার পরিসংখ্যান অফিস সাইবার হামলার কথা স্বীকার করেছে, তবে তাদের দাবি কোনো গোপন তথ্য ফাঁস হয়নি। বিবিসির এই অনুসন্ধানে স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সংগৃহীত তথ্যের সঙ্গে ৯০ শতাংশ সামঞ্জস্য পাওয়া গেছে। রোসস্ট্যাটের তথ্যের সঙ্গে সেই তালিকা মিলিয়ে দেখা গেছে, ৯০ শতাংশ নামই মিলে যাচ্ছে। ইউক্রেনের কিছু নির্দিষ্ট জায়গায় রাশিয়ার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও এই তথ্যে বেরিয়ে এসেছে।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে মৃত্যুর ৬৫ শতাংশ এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৫৯ শতাংশই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তবে ৪৫ থেকে ৫৪ বছর বয়সী রুশ নাগরিকদের ক্ষেত্রে যুদ্ধের চেয়ে হৃদরোগে মৃত্যুর হার বেশি। যুদ্ধের ক্ষয়ক্ষতির ভয়াবহতা বোঝা যায় ইউক্রেনের বিভিন্ন গ্রামের পরিস্থিতির দিকে তাকালে। যেমন, আন্দ্রিভকা গ্রামে মাত্র ৭৪ জন সাধারণ মানুষ বাস করতেন, কিন্তু সেই গ্রাম দখল করতে গিয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা মারা গেছেন। এমন ১০টি গ্রামে প্রায় ২০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন, যেখানে যুদ্ধের আগে মোট জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মস্কো কখনোই তাদের নিহত সেনার সঠিক বা সরকারি কোনো হিসাব প্রকাশ করেনি। দুই বছর আগে থেকে রোসস্ট্যাট বাইরের বিভিন্ন কারণে মৃত্যুর তথ্য দেওয়াও বন্ধ করে দেয়, যা থেকে যুদ্ধের হতাহতের হিসাব পাওয়া যেত। এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের স্থানীয় যারা রুশ বাহিনীর হয়ে লড়েছিলেন, তাদের মৃত্যুর হিসাব রোসস্ট্যাটের রেকর্ডে মাত্র ৭০ শতাংশ পাওয়া গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























