রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্রকল্পের উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার বিভিন্ন কারিগরি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এবারের এই পরীক্ষামূলক সরবরাহ কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। ওই দিন প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার সর্বোচ্চ পরিমাণ ছিল ৩৭৫ মেগাওয়াট। ওইদিন রাত ১১টা ৫০ মিনিটে সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিড ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়েছিল। সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় নির্ধারিত বিরতির পর দ্বিতীয়বার গ্রিড সংযোগ দেওয়া হয়েছে। চলমান এই পরীক্ষায় কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর গ্রিডের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























