সৌদি আরব ও কাতারে বড় ধরনের বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে আটক করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। সোমবার নিজের নিয়মিত অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করে তিনি জানান, উপসাগরীয় দেশ দুটি নিজস্ব নিরাপত্তা অভিযানের মাধ্যমে ওই এজেন্টদের গ্রেপ্তার করেছে। তবে কার্লসন তার এই দাবির স্বপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করেননি।
কার্লসনের মতে, ইরানের হামলার শিকার হওয়া দেশগুলোতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে ইসরাইল এই ধরনের গোপন পরিকল্পনা করছে। তিনি অভিযোগ করেন, ইরানকে ঘায়েল করার পাশাপাশি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই ইসরাইলের মূল উদ্দেশ্য। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলোর মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার নেপথ্যে ইসরাইলের হাত রয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার সূত্রপাত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর। সেই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। ইরানি হামলার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পায় এবং বাণিজ্যিক আকাশপথে যাতায়াতে বিঘ্ন ঘটে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঁচ শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে। এরই মধ্যে সোমবার সৌদি আরবের রাস তানুরায় আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার ফলে সেখানে সীমিত আকারে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে আরামকোর স্থাপনায় হামলার দায় সরাসরি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্টো তেহরান দাবি করেছে, আরব দেশগুলোর ভূমি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেরাই এসব ড্রোন হামলা চালাচ্ছে। মুসলিম বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার জন্য ইরানকে লক্ষ্য করে আরব দেশগুলোকে উসকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে তেহরান।
আকাশ নিউজ ডেস্ক 
























