২০২৬ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস (ডিপিআইএফএফ) বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বলিউডের একাধিক তারকা ও নির্মাতা তাদের অসামান্য কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন। জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এবং সিনেমাটি সেরা সিনেমার সম্মান লাভ করেছে। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অনীত পাড়াকে সেরা অভিনেত্রীর খেতাব দেওয়া হয়েছে। এছাড়া সাইয়ারা ছবিটি বর্ষসেরা গানের পুরস্কারও অর্জন করেছে।
ডিপিআইএফএফ কর্তৃপক্ষের তথ্যমতে, ‘ধুরন্ধর’ ছবির প্রযোজনায় আদিত্য ধর, জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধরের সম্মিলিত প্রচেষ্টায় তারা সেরা প্রযোজকের স্বীকৃতি পেয়েছেন, আর আদিত্য ধর নিজে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। একই ছবিতে অক্ষয় খান্নাকে বিশেষ স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হয়েছে। সমালোচকদের বিচারে সেরা সিনেমার খেতাব জিতেছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’, যেখানে ঋষভ শেঠি সেরা অভিনেতা এবং ইয়ামি গৌতম ধর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য ইলাইয়ারাজাকে সম্মানিত করা হয়েছে। এছাড়া রীতেশ দেশমুখ সেরা হাস্যরসাত্মক অভিনেতা এবং সময় রায়না বর্ষসেরা কমেডিয়ানের স্বীকৃতি পেয়েছেন।
চলচ্চিত্র শিল্পে দীর্ঘস্থায়ী অবদানের জন্য দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান বিশেষ পুরস্কৃত হয়েছেন। ছোট পর্দা ও ওয়েব সিরিজের ক্ষেত্রেও বড় জয় এসেছে। ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের জন্য স্মৃতি ইরানি বিশেষ স্বীকৃতি পেয়েছেন এবং ‘তারক মেহতা কা উলটা চশমা’ বর্ষসেরা টেলিভিশন সিরিজ নির্বাচিত হয়েছে। ওয়েব সিরিজের মধ্যে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সেরা সিরিজের পুরস্কার পেয়েছে এবং আরিয়ান খান সেরা পরিচালক হিসেবে সম্মানিত হয়েছেন। ওয়েব সিরিজে অভিনয়ের জন্য জয়দীপ আহলাওয়াত (পাতাল লোক) সেরা অভিনেতা এবং শেফালি শাহ (দিল্লি ক্রাইম ৩) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
আন্তর্জাতিক বিভাগেও আন্তর্জাতিক সংগীতশিল্পী টেলর সুইফট বর্ষসেরা শিল্পীর খেতাব অর্জন করেছেন। বিশ্ব সিনেমায় অবদানের জন্য হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন সম্মানিত হয়েছেন এবং তার ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, এটি ভারত সরকারের প্রদত্ত দাদাসাহেব ফালকে পুরস্কার নয়; ডিপিআইএফএফ একটি বেসরকারি উদ্যোগ, যা চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও ডিজিটাল মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রকে স্বীকৃতি দিয়ে থাকে।
আকাশ নিউজ ডেস্ক 























