মাদারীপুরের কালকিনি উপজেলার সর্ববৃহৎ সমবায় সংগঠন ‘ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ফাসিয়াতলা বাজারে সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির বিদায়ী সভাপতি মো. আব্দুল মান্নান ফকির। অনুষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করেন সমিতির সহসভাপতি মো. শহিদুল হক ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। বার্ষিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে আয়োজিত সভায় ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি মো. রেজাউল করিম, ঋণ কমিটির সভাপতি এস এম এ রহমান এবং শিক্ষা কমিটির সভাপতি মো. জিন্নাত খন্দকার।
উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সদস্যরা সমবায়টির বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও মন্তব্য তুলে ধরেন। তাদের অভিযোগ ও প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম। সভায় সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সোহরাফ মোল্লাসহ জেলা কালব ব্যবস্থাপক আব্দুল আউয়াল, জেলা সমবায় পরিদর্শক মো. সামাদ হোসেন, পর্যবেক্ষণ কমিটির সম্পাদক শাহ আলম মিন্টু, ঋণ কমিটির সম্পাদক এনামুল হক সরদার, সদস্য মো. সালাম মুন্সী এবং ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় সাংবাদিকরা এতে অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 
























