নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত এক ইতিহাস তৈরি করেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই শতরান করার কৃতিত্ব দেখালেন এই ব্যাটার। শনিবার ৩৪ বছর বয়সে এই অর্জনের মাধ্যমে তিনি ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের কাতারে শামিল হলেন। ১৯৭৬ সালের নিউজিল্যান্ড সফরে অকল্যান্ডে নিজেদের প্রথম টেস্ট ইনিংসে গাভাস্কার ১১৬ এবং অমরনাথ ১২৪ রান করেছিলেন। অর্ধশতক পর রাহুলের এই সেঞ্চুরি সেই অভিজাত তালিকার পুনরাবৃত্তি ঘটালো। নাথান স্মিথের বলে আউট হওয়ার আগে তিনি ১৩৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।
লোকেশ রাহুলের এই কীর্তি শুধু একটি সেঞ্চুরিতেই সীমাবদ্ধ নয়। টেস্ট ক্রিকেটের কঠিন কন্ডিশন হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশেই ওপেনার হিসেবে সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। ভারতের প্রথম ওপেনার হিসেবে এমন অর্জনে নাম লেখালেন তিনি। সব মিলিয়ে বিশ্বের পঞ্চম ভারতীয় ও অষ্টম এশিয়ান ব্যাটার হিসেবে তিনি এই বিরল নজির স্থাপন করলেন। এর আগে আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি এই তালিকায় স্থান পেয়েছেন। তবে শুধুমাত্র রাহুল ও পাকিস্তানের সাঈদ আনোয়ারই ওপেনার হিসেবে এই চারটি দেশে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। এর আগে ২০১৪ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসেবে শতরান করেছিলেন অজিঙ্কা রাহানে, যা ওয়েলিংটনের মাঠেই এসেছিল। ৫০ বছর পর সেই তালিকায় তৃতীয় ভারতীয় হিসেবে নাম লেখালেন রাহুল। ওয়েলিংটনেই ১১৮ রান করেন অজিঙ্কা রাহানে। একই সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারে যোগ করলেন একাধিক ব্যক্তিগত মাইলফলক।
এই শতরানের মাধ্যমে সাতটি ভিন্ন দেশে টেস্ট সেঞ্চুরির মালিক হলেন রাহুল। ভারতীয়দের মধ্যে সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ ও কোহলির মতো তারকারাও এই কৃতিত্বের অংশীদার। ওপেনার হিসেবে টেস্ট ক্রিকেটে এটি তার ১২তম শতরান। এই তালিকায় মুরলী বিজয়ের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তার সামনে এখন কেবল গাভাস্কার (৩৩ সেঞ্চুরি) ও শেবাগ (২২ সেঞ্চুরি)।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রাহুল দারুণ ফর্মে আছেন। প্রতিযোগিতার ২১ ইনিংসে চারটি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে অধিনায়ক শুভমান গিলকেও ছাড়িয়ে গেছেন। মাঠের লড়াইয়ে রাহুলের এই ধারাবাহিকতা ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 























