শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বড় ধরনের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়াসহ অন্তত ২৫টি দেশে এই ‘আন্তর্জাতিক যুব ধর্মঘট’ কর্মসূচি পালিত হয়েছে। ফ্রান্সে সাম্প্রতিক সময়ের আন্দোলনের ঢেউ অন্যান্য দেশে ছড়িয়ে পড়লেও, বিভিন্ন শহরে কর্মসূচিগুলো ছিল তুলনামূলকভাবে শান্ত ও সুশৃঙ্খল। ফ্রান্সে এর আগে অনুষ্ঠিত আরও বড় বিক্ষোভগুলোতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জার্মানিতে ‘জেন জেড রেগেল্ট’ (জেন জেডের দায়িত্ব গ্রহণ) নামক সংগঠনটি দেশটির ৭৩টি শহর ও ছোট এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিল। কোলন শহরের এক বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী জেসমিন হামাদি ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যমান ব্যয় সংকোচন নীতি শিক্ষা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলছে। তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, সামগ্রিক শিক্ষা খাতকে বাঁচাতে পরিবর্তনের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। এছাড়া বার্লিনের আলেক্সান্ডারপ্লাৎজ চত্বরে প্রায় চার হাজার এবং কোলনের সমাবেশে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে কোলনের বিক্ষোভে পাঁচ হাজার মানুষের সমাগম হয় বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তার চেয়ে কম মানুষ উপস্থিত হন।
ইতালিতে এই আন্দোলনের ব্যাপ্তি ছিল বেশ ব্যাপক। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতিকে প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা উচ্চ মজুরি ও জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বৃদ্ধির দাবি জানিয়েছেন। শ্রমিক সংগঠন সিজিআইএল-এর নেতা মাউরিজিও লানদিনি এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, ইউরোপজুড়েই তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরালো হচ্ছে। ইতালির কর্মসূচিতে কয়েক হাজার মানুষের অংশগ্রহণ ছিল দৃশ্যমান।
বিক্ষোভের দাবিনামায় ছিল ব্যাপক বৈচিত্র্য। শিক্ষার্থীদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং সামরিক খাতে ব্যয় কমানোর দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা গেছে। প্যারিসে অবস্থানরত ২৫ বছর বয়সী শিক্ষার্থী ইভলিন বলেন, জেনারেশন জেড নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বোধ করছে। জলবায়ু সংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ফলে সৃষ্ট অনিশ্চিত ভবিষ্যতের জন্য তিনি বর্তমান নীতিনির্ধারকদের দায়বদ্ধ করেছেন। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও শত শত শিক্ষার্থী জড়ো হয়ে নিজেদের দাবি তুলে ধরেন। আগের বিক্ষোভগুলোর মতো এবারও শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল বৈচিত্র্য। ফ্রান্সের প্যারিসে বিক্ষোভে অংশ নেয়া ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন বলেন, আমাদের অনেকেই জেনারেশন জেডের সদস্য। তিনি আরও বলেন, যারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ওপর যদি আমরা সবকিছু ছেড়ে দিই, তাহলে আমাদের সামনে অপেক্ষা করছে মৃত্যুর ভবিষ্যৎ।
এর আগে সার্বিয়ায় দীর্ঘদিনের নেতা আলেক্সান্দার ভুচিচের ক্ষমতার অবসান এবং আলবেনিয়াতেও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এমন বিক্ষোভ নতুন মাত্রা যোগ করেছে। অনেক স্থানেই শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিয়ে পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন, যার প্রতিফলন দেখা গেছে তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে। বিভিন্ন স্থানে কয়েকশ থেকে শুরু করে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান জানান দিয়েছেন, যা ইউরোপের বর্তমান সামাজিক অস্থিরতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আকাশ নিউজ ডেস্ক 

























