আভিজাত্য আর প্রকৌশলশৈলীর এক নান্দনিক মেলবন্ধনে কাতারে যাত্রা শুরু করেছে সপ্তম ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। গত বুধবার ১৮ নভেম্বর দোহার দ্য পার্ল আইল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাতার মিউজিয়ামস ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল-থানির পৃষ্ঠপোষকতায় এই আসরটি সাজানো হয়েছে। প্রদর্শনীটি ২২ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের প্রদর্শনীটি ঐতিহাসিক গাড়ি সংগ্রহের দিক থেকে এ যাবতকালের সবচেয়ে বড় আয়োজন।
কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর সংগ্রাহকদের অংশগ্রহণে মোট ৭৪টি দুর্লভ গাড়ি প্রদর্শিত হচ্ছে, যা একটি নতুন রেকর্ড। ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মিত এসব গাড়িকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ হলো কাতারের সাবেক শাসক শেখ আবদুল্লাহ বিন জসিম আল-থানির ব্যবহৃত ১৯৩৮ সালের ঐতিহাসিক শেভ্রোলেট গাড়িটি। এছাড়া ১৯২৮ সালের ফোর্ড মডেল এ এবং ১৯২৯ সালের বিএমডব্লিউ-এর মতো অনেক দুর্লভ কনভার্টিবল ও স্পোর্টস কার এখানে স্থান পেয়েছে। প্রদর্শনীর ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আসর, যেখানে ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মিত ক্লাসিক গাড়িগুলোকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে উপস্থাপন করা হচ্ছে। এক শতাব্দীর মোটরগাড়ির বিবর্তন ও রেকর্ড অংশগ্রহণ। অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও মহাসচিব প্রকৌশলী আবদুল লতিফ আলী আল ইয়াফি জানান, এবারের আসরে ৭৪টি গাড়ির অংশগ্রহণ একটি নতুন রেকর্ড।
গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি এই প্রদর্শনীকে যান্ত্রিক ঐতিহ্যের জীবন্ত দলিল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি কেবল পুরোনো গাড়ির প্রদর্শনী নয়, বরং শতাব্দীজুড়ে মোটরগাড়ির বিবর্তন ও প্রকৌশলগত উৎকর্ষের এক অনন্য আখ্যান। আন্তর্জাতিক অঙ্গনে কাতারের অবস্থান আরও শক্তিশালী করতে এবং ঐতিহ্য সংরক্ষণের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ ধরণের আয়োজন নিয়মিত করা হচ্ছে। তাঁর মতে, ক্লাসিক গাড়িগুলো কেবল পুরোনো সংগ্রহ নয়, বরং এগুলো এক শতাব্দীরও বেশি সময়ের মোটরগাড়ির বিবর্তন, নকশা ও প্রকৌশলের জীবন্ত দলিল।
প্রদর্শনীটিতে স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ওমর আল ফারদান জানান, এই প্ল্যাটফর্মটি সংগ্রাহক ও গাড়িপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে যান্ত্রিক ঐতিহ্যের জ্ঞান পৌঁছে দিতে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালার ব্যবস্থাও রয়েছে। আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিযোগিতায় জিসিসিভুক্ত প্রতিটি দেশ থেকেই সংগ্রাহকরা অংশ নিয়েছেন এবং প্রদর্শিত গাড়িগুলোর প্রায় অর্ধেকই এসেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে। স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রাখতে ফিভার মানদণ্ড অনুযায়ী দেশি-বিদেশি অভিজ্ঞ বিচারক প্যানেল গাড়িগুলোর মূল্যায়ন করছেন।
কাতার অটো মিউজিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ আল রুমাইহি জানান, প্রতিটি গাড়ির পেছনে লুকিয়ে থাকা উদ্ভাবন ও সৃজনশীলতার গল্পগুলো ভবিষ্যৎ প্রকৌশলী ও নকশাবিদদের অনুপ্রাণিত করবে। তরুণদের উৎসাহ দিতে জাদুঘর কর্তৃপক্ষ গাড়ি পুনরুদ্ধার ও সংরক্ষণের ওপর শিক্ষামূলক ভিডিও তৈরিরও উদ্যোগ নিয়েছে।
আয়োজক সহযোগী ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের সালেহ আল জাইদাহ মন্তব্য করেন, দ্য পার্ল আইল্যান্ডের নান্দনিক পরিবেশের সাথে এই প্রদর্শনীর সমন্বয় দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বয়ে এনেছে। এছাড়া টানা পঞ্চমবারের মতো সহায়তাকারী সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ডের (দাম) পরিচালক হাসান ইউসুফ আল ওবাইদলি পুরো অঞ্চলের সংগ্রাহকদের এই মিলনমেলার প্রশংসা করেন।
প্রতিযোগিতামূলক এই আয়োজনে বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে ১৫টি পুরস্কারসহ মোট ২০টি নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হবে। পাঁচটি বিভাগে সেরা সংগ্রাহকদের পাশাপাশি সেরা বিলাসবহুল ক্লাসিক গাড়ি, সবচেয়ে আকর্ষণীয় গাড়ি এবং সেরা সংরক্ষিত স্থানীয় ঐতিহ্যবাহী গাড়ির জন্য বিশেষ স্বীকৃতি থাকবে। আগামী ২২ নভেম্বর সমাপনী দিনে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শিশুদের জন্য ছবি আঁকা ও নান্দনিক পরিবেশনার মতো আয়োজন থাকায় প্রদর্শনীটি সব বয়সী মানুষের জন্য উপভোগ্য হয়ে উঠেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























