গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার (এসপি) হাবীবুল্লহকে বদলির পরপরই জেলার তিন থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি কার্যকর করা হয়।
বদলিকৃত ওসিরা হলেন কোটালীপাড়া থানার রিয়াদ মাহমুদ, টুঙ্গিপাড়ার মো. আইয়ুব আলী এবং কাশিয়ানী থানার মাহফুজুর রহমান। গত রোববার লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়িঘর ও গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনার পর এই প্রশাসনিক রদবদল এল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























